বিশ্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট শেষ করেছে সৌরশক্তিচালিত একটি সুইস বিমান।
সোলার ইমপালস প্রকল্পের ওই বিমানটি শুক্রবার সকালে সুইজারল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় পেয়ারনি বিমানবন্দর থেকে যাত্রা করে ১৩ ঘণ্টা পর ব্রাসেলস বিমানবন্দরে অবতরণ করে। সৌরশক্তিচালিত এ বিমানে ১২ হাজার সৌরকোষ আছে। এর গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার, যা বাণিজ্যিক ফ্লাইটের বিমানের গতির ১০ ভাগের এক ভাগ।
সুুইজারল্যান্ডে ২০১০ সালের এপ্রিলে প্রথম সৌরশক্তিচালিত বিমান উড্ডয়ন করে। তারপর আরও তিনবার সুইজারল্যান্ডের আকাশে ওড়ে সৌরশক্তিচালিত বিমান।
উড্ডয়নকালে বিমানের বৈমানিক আন্দ্রে বোসব্যার্গ টেলিফোনে রয়টার্সকে বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও শক্তি সঞ্চয়ের বর্তমান প্রযুক্তি দিয়ে আমরা কতটুকু কাজ করতে পারি তার একটি প্রদর্শনী এটা। এ প্রযুক্তির মাধ্যমে সৌরশক্তির সাহায্যে গাড়ি চালানো এবং বাসাবাড়িতে বিদ্যুতের চাহিদা মেটানো যাবে বলেও মন্তব্য করেন তিনি।
২০০৩ সালে ‘সোলার ইমপালস’ প্রকল্প শুরু হয়। ১০ বছরমেয়াদি এ প্রকল্পে বরাদ্দ করা হয় ১২ কোটি ৮০ লাখ ডলার।